প্রশ্নফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নজরদারিতে থাকবেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম নিজে তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয়জনকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাইরের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সচিবালয়ে রাত জেগে নিজে তদারকি করেছেন।

তিনি আরও জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। শুক্রবারের প্রাথমিক পরীক্ষা শেষে শনিবারের (১৭ অক্টোবর) মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টিসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক।