সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার দায়ে ওই পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সদর দপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলায় অর্থায়ন ও সহায়তা দেওয়ার অভিযোগ ছিল।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে তাদের বিরুদ্ধে আনা অপরাধের বিবরণও প্রকাশ করেছে।