দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানায়নি সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে জবাব পাওয়ার পর তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব এখনো এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানায়নি। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি সরকারের কাছ থেকে জবাব পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইনের ব্যত্যয় ঘটলে সরকারের কিছু করার থাকে না।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



