রাষ্ট্রীয় জরুরি কাজ ছাড়া সব সরকারি ক্রয় স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত সব ধরনের দরপত্র ও ক্রয় কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত স্থগিত

নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা যাদের কাছে পাঠানো হয়েছে

স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনা সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।