আলিফ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। এতে নেত্রকোনা জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মসূচিতে দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রেস ক্লাবের আরেক সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
যমুনা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আলিফকে প্রাণ দিতে হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
দুর্গাপুর প্রেস ক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় সাংবাদিকরা।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির।
লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।
এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের জন্য একজন দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।



