উন্নত ক্যারিয়ারে এগিয়ে রাখবে যে ১০ বিদেশি ভাষা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
বিশ্বায়নের এই সময়ে বিদেশি ভাষায় দক্ষতা উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা-বাণিজ্য কিংবা কূটনৈতিক পেশায় কাজের ক্ষেত্রে একাধিক ভাষা জানা বাড়তি সুবিধা দেয়। বিশেষ করে নির্দিষ্ট দেশের ভাষা জানা থাকলে সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ, কর্মসংস্থানের সুযোগ খোঁজা এবং স্থানীয় সংস্কৃতি বোঝা সহজ হয়। মান্দারিন, জাপানিজ, জার্মান, তুর্কি, স্প্যানিশ, কোরিয়ান, ফরাসি, আরবি, ইতালিয়ান ও রাশিয়ান—ক্যারিয়ার গঠনে সম্ভাবনাময় এমন ১০টি বিদেশি ভাষা নিয়ে এ আয়োজন।
১. মান্দারিন
চীনের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে মান্দারিন ভাষার গুরুত্ব বেড়েছে। উৎপাদন, রপ্তানি, প্রকৌশল, অর্থায়ন ও সরবরাহ ব্যবস্থাপনার মতো খাতে এ ভাষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি হতে পারে।
চীন ও তাইওয়ানের বিপুলসংখ্যক মানুষের মাতৃভাষা মান্দারিন। এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের চীনা জনগোষ্ঠীর মধ্যেও ভাষাটির ব্যবহার রয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য মান্দারিন শেখা বাড়তি সুবিধা দিতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চীনা ভাষা শেখার সুযোগ রয়েছে।
২. জাপানিজ
প্রযুক্তি, ইলেকট্রনিকস, গাড়ি উৎপাদন ও গবেষণার ক্ষেত্রে জাপানের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে জাপানিজ ভাষা শেখা পেশাগত জীবনে কাজে আসতে পারে। প্রকৌশল, উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থাপনায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এ ভাষায় দক্ষতা সহায়ক।
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পরিকল্পনা থাকলেও ভাষাটি শেখা কার্যকর হতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাপানিজ শেখার সুযোগ রয়েছে।
৩. জার্মান
ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য জার্মান ভাষা গুরুত্বপূর্ণ হতে পারে। জার্মানির প্রকৌশল, উৎপাদন, অর্থায়ন, নকশা ও ওষুধশিল্পে কাজের সুযোগ রয়েছে। জার্মানির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশেও ভাষাটি প্রচলিত।
জার্মান ভাষা জানা থাকলে দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, স্থানীয় প্রতিষ্ঠানে কাজ এবং দৈনন্দিন জীবনে যোগাযোগের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশে জার্মান ভাষা শেখার সুযোগ রয়েছে।
৪. তুর্কি
তুরস্কের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগে আগ্রহীদের জন্য তুর্কি ভাষা শেখা কার্যকর হতে পারে। তুরস্ক ছাড়াও বলকান অঞ্চল, ককেশাস ও পশ্চিম ইউরোপের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভাষাটির ব্যবহার রয়েছে।
প্রযুক্তি, জ্বালানি, পর্যটন, অর্থায়ন, আইন ও ব্যবসার মতো খাতে তুর্কি ভাষা জানা বাড়তি সুবিধা দিতে পারে। তুরস্কে উচ্চশিক্ষা, বৃত্তি ও ফেলোশিপের সুযোগ খুঁজছেন, এমন শিক্ষার্থীদের জন্যও ভাষাটি কাজে আসতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তুর্কি ভাষা শেখার সুযোগ রয়েছে।
৫. স্প্যানিশ
স্প্যানিশ বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর একটি। স্পেন ছাড়াও মধ্য ও দক্ষিণ আমেরিকার বহু দেশে ভাষাটি প্রচলিত। ফলে আন্তর্জাতিক ব্যবসা, গণমাধ্যম, ব্যাংকিং, চিকিৎসা, শিক্ষা, সামাজিক সেবা ও বিপণন খাতে কাজ করতে আগ্রহীদের জন্য স্প্যানিশ শেখা সহায়ক হতে পারে।
স্প্যানিশ ভাষায় দক্ষতা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ এবং সেখানকার বাজার সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ শেখার সুযোগ রয়েছে।
৬. কোরিয়ান
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি, ইলেকট্রনিকস ও রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশটির সংস্কৃতির আন্তর্জাতিক জনপ্রিয়তাও কোরিয়ান ভাষা শেখার আগ্রহ বাড়িয়েছে। কে-পপ, কোরিয়ান নাটক, ফ্যাশন ও চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণে ভাষাটি শেখার প্রতি তরুণদের আগ্রহ রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, বৃত্তি কিংবা কর্মসংস্থানের পরিকল্পনা থাকলে কোরিয়ান ভাষা জানা বিশেষভাবে কাজে আসতে পারে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রেও ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কোরিয়ান শেখার সুযোগ রয়েছে।
৭. ফরাসি
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, শিক্ষা ও উন্নয়ন খাতে কাজ করতে আগ্রহীদের জন্য ফরাসি ভাষা গুরুত্বপূর্ণ। ফ্রান্স ছাড়াও ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাষাটির ব্যবহার রয়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজে ফরাসি ভাষার গুরুত্ব রয়েছে। আফ্রিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে কাজের ক্ষেত্রেও এ ভাষা সহায়ক হতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শেখার সুযোগ রয়েছে।
৮. আরবি
মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে আরবি ভাষা শেখা কার্যকর হতে পারে। জ্বালানি, নির্মাণ, পর্যটন ও সেবা খাতে কাজের ক্ষেত্রে ভাষাটি জানা স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করে।
আরবি বিশ্বের বহু দেশে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্যও আরবি শেখা দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে সহায়ক হতে পারে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি শেখার সুযোগ রয়েছে।
৯. ইতালিয়ান
ফ্যাশন, নকশা, চারুকলা, সংস্কৃতি, খাদ্যশিল্প ও গাড়ি উৎপাদনের মতো ক্ষেত্রে ইতালির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। এসব খাতে পড়াশোনা বা পেশাগত কাজের পরিকল্পনা থাকলে ইতালিয়ান ভাষা শেখা উপকারী হতে পারে।
ইতালিতে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রেও ভাষাটি কাজে আসে। স্থানীয় ভাষায় যোগাযোগ করতে পারলে দেশটির সংস্কৃতি ও কর্মপরিবেশ সম্পর্কে বোঝাপড়া সহজ হয়। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালিয়ান শেখার সুযোগ রয়েছে।
১০. রাশিয়ান
রাশিয়ার সঙ্গে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগের পরিকল্পনা থাকলে রাশিয়ান ভাষা শেখা কাজে আসতে পারে। রাশিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশ ও বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ভাষাটির ব্যবহার রয়েছে।
বিজ্ঞান, প্রকৌশল, খনি, জ্বালানি ও প্রযুক্তি খাতে উচ্চশিক্ষা বা পেশাগত কাজ করতে আগ্রহীদের জন্য রাশিয়ান শেখা সহায়ক হতে পারে। রাশিয়ায় পড়াশোনা কিংবা দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে কাজের ক্ষেত্রেও ভাষাগত দক্ষতা যোগাযোগ সহজ করে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে রাশিয়ান শেখার সুযোগ রয়েছে।
কোন ভাষাটি শিখবেন?
বিদেশি ভাষা শেখার আগে নিজের ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা জরুরি। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভাষাগত শর্ত বিবেচনা করুন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের শিল্প, কর্মসংস্থানের সুযোগ এবং ভাষাটির ব্যবহার সম্পর্কে খোঁজ নিন। আর আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন খাতে কাজ করতে চাইলে ফরাসি বা আরবির মতো ভাষা কাজে আসতে পারে।
মনে রাখতে হবে, শুধু ভাষা জানলেই চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, বাস্তব অভিজ্ঞতা এবং ভাষায় দক্ষতার প্রমাণও গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্য অনুযায়ী ভাষা নির্বাচন করে নিয়মিত অনুশীলন ও ব্যবহারিক দক্ষতা অর্জন করাই হতে পারে উন্নত ক্যারিয়ার গঠনের কার্যকর পদক্ষেপ।
সূত্র: প্রথম আলো ও ইউএনবি



