কানাডায় অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বাধা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
কানাডায় কর্মপরিবেশের ঝুঁকি ও অনিরাপদ আবাসনের পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়ছেন অভিবাসী শ্রমিকেরা। বিশেষ করে ‘ক্লোজড ওয়ার্ক পারমিট’ নিয়ে কাজ করা শ্রমিকদের মধ্যে অসুস্থতা বা কর্মক্ষেত্রে আঘাতের কথা জানালে চাকরি ও কানাডায় বৈধভাবে থাকার অবস্থান ঝুঁকিতে পড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। ফলে অনেকে অসুস্থ হলেও চিকিৎসা নিতে অনীহা দেখান। অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে এসব বাধা ও কাঠামোগত বৈষম্য তুলে ধরতে আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে একটি গবেষণা প্রতিবেদন।
‘Excluded from Care: Health Care Barriers for Migrant Workers in Canada’ শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করবে ‘মধু ভার্মা মাইগ্র্যান্ট জাস্টিস সেন্টার’ ও ‘কানাডিয়ান হেলথ কোয়ালিশন’। ১৮ নভেম্বর দুপুর ১২টায় (ইস্টার্ন টাইম) অনলাইনে জুম প্ল্যাটফর্মে প্রতিবেদন প্রকাশ ও এ বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন প্রকাশের পাশাপাশি অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার উপায় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। কানাডিয়ান হেলথ কোয়ালিশনের অ্যান লাগাস ডওসনের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনায় অংশ নেবেন আইনবিদ, সমাজবিজ্ঞানী, নার্সিং গবেষক এবং অভিবাসী শ্রমিকেরা।
আলোচকদের মধ্যে রয়েছেন ওটাওয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক এবং অভিবাসী স্বাস্থ্যসমতা-বিষয়ক চেয়ার ওয়াই. ওয়াই. চেন (Y.Y. Chen)। অভিবাসীদের স্বাস্থ্য অধিকার ও আইনি লড়াই নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আরও থাকবেন ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুসানা ক্যাক্সাজ, যিনি কৃষি খাতে অভিবাসীদের আবাসন ও স্বাস্থ্যগত বিষয় নিয়ে গবেষণা করছেন। ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. লিন্ডসে লারিওসও আলোচনায় অংশ নেবেন। তাঁর গবেষণার বিষয় পরিবার, প্রজনন রাজনীতি ও অভিবাসনের পারস্পরিক সম্পর্ক।
অভিবাসী শ্রমিকদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরতে আলোচনায় থাকবেন অন্টারিওভিত্তিক কর্মী ও অধিকারকর্মী অ্যালিসিয়া কার্টি। তিনি ২০২৬ সালে সার্বজনীন স্বাস্থ্যসেবা-বিষয়ক নেল টুসেইন্টের (Nell Toussaint) পুরস্কার পেয়েছেন। এ ছাড়া অংশ নেবেন নিউ ব্রান্সউইকের অভিবাসী শ্রমিক এবং ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যালায়েন্স ফর চেঞ্জ’-এর সদস্য স্টেসি নাইশ।
প্রতিবেদনটির সহলেখক কানাডিয়ান হেলথ কোয়ালিশনের ন্যাশনাল ডিরেক্টর ট্রেসি গ্লিন এবং কার্লটন বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অ্যান্ড ডায়াস্পোরা স্টাডিজের গবেষক লুৎফুন্নেসা তানিয়া মাঠপর্যায়ের গবেষণার ফলাফল তুলে ধরবেন।
গবেষকদের মতে, কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অভিবাসী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে উঠছে। বিশেষ করে অস্থায়ী ও নিয়োগকর্তানির্ভর কর্মসংস্থানের শর্তের কারণে চাকরি হারানোর ভয়ে অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না। সামান্য সর্দি-কাশি থেকে শুরু করে গুরুতর অসুস্থতা কিংবা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলেও চিকিৎসা নিতে দেরি করেন তাঁরা। নতুন প্রতিবেদনটিতে এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য দূর করার করণীয় নিয়ে আলোচনা করা হবে।



