সৌদিগামী ১৪৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৪৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। এর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এদিকে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ভারতের ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে বিমানবন্দরটির দুটি টার্মিনালে ফ্লাইট চলাচল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। টার্মিনাল-১ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ দিয়ে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করে ফ্লাইট ও বুকিংয়ের অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করে। একই সাথে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় সংস্থাটি। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু রাখার কথা জানিয়েছে বিমান।
ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী প্রবাসী কর্মী, দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী এবং ওমরাহযাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক যাত্রীকে নতুন ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন ভ্রমণ পরিকল্পনা।
রিয়াদ বিমানবন্দর চালুর ঘোষণা সৌদি আরবের বিমান চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতি হিসেবে দেখা হলেও বাংলাদেশ থেকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পুনরায় চালুর সময়সূচি এখনো নিশ্চিত হয়নি। তাই রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদিকে বিমানবন্দর চালুর ঘোষণা এলেও হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে সামরিক লক্ষ্যবস্তু উল্লেখ করে সেখানে যাতায়াত না করার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।



