অস্ট্রেলিয়ার ভিসায় কঠোর নিয়ম, গুরুত্ব বাড়ছে চরিত্র যাচাইয়ে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাখ্যান ও বাতিলের ক্ষেত্রে আবেদনকারীর আচরণ ও চরিত্রগত বিষয়গুলো আরও কঠোরভাবে যাচাই করা হবে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে পারিবারিক সহিংসতা, ঘৃণামূলক অপরাধ, সহিংসতায় উসকানি, গুরুতর মাদকসংক্রান্ত অপরাধ এবং অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে অস্ট্রেলিয়ার জননিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষ আরও কঠোর অবস্থান নিতে পারবে।

সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারীর আচরণ বা অতীত কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে বিবেচিত হলে, তাঁর ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্য, সামাজিক সম্পর্ক কিংবা ব্যবসায়িক যোগাযোগ থাকার বিষয়টি আগের তুলনায় কম গুরুত্ব পাবে। ফলে এসব সম্পর্কের ভিত্তিতে ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের সিদ্ধান্ত ঠেকানো আগের চেয়ে কঠিন হতে পারে।

তবে শুধু অপরাধের রেকর্ড থাকলেই সবার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। প্রতিটি আবেদন বা ঘটনা সংশ্লিষ্ট আইন এবং ব্যক্তির পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হবে।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন কিংবা বর্তমানে দেশটিতে ভিসা নিয়ে বসবাস করছেন—এমন ব্যক্তিদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি দেশটির অভিবাসন আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।