প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে মাঝআকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন।
দেশটির বিমানবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের দুটি একক প্রপেলারযুক্ত বিমান বিধ্বস্ত হয়।
ফিলিপিন্সের বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপিন্সের সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।



