গাজায় হত্যাকাণ্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না: অ্যামনেস্টি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, গাজার ধ্বংসস্তূপের আড়ালে হত্যাকাণ্ডের দায় চাপা দেওয়া যাবে না। আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার সঙ্গে গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এক হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। গাজার কোনো হাসপাতালই পুরোপুরি সচল নেই।

সংস্থাটি আরও জানায়, গাজার ১৪ লাখ মানুষ খাদ্যসংকটের গুরুতর পর্যায়ে রয়েছেন।

অ্যামনেস্টি বলেছে, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে।

সংস্থাটির মতে, গাজায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত না করে পুনর্গঠন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নেওয়া যায় না।