উত্তরাধিকার সূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পেয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তিকে ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া’ হিসেবে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে।”

চুক্তিটির সুফল ও যৌক্তিকতা ব্যাখ্যা করে মন্ত্রী জানান, যেকোনো আন্তর্জাতিক চুক্তি উভয় পক্ষের স্বার্থ ও সমন্বয়ের ভিত্তিতেই গড়ে ওঠে। এখানে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়, তাই এটি নিয়ে জনমনে অহেতুক উদ্বেগের কোনো কারণ নেই।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তদন্ত প্রক্রিয়া (ইনভেস্টিগেশন) প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ মার্কিন পক্ষকে জানিয়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে, চুক্তির কোনো ধারা যদি ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থবিরোধী প্রতীয়মান হয়, তবে তা পুনর্বিবেচনার আইনি সুযোগ চুক্তিতেই বিদ্যমান রয়েছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব প্রশমিত করতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সরকারের মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা বলে সংবাদ সম্মেলনে পুনব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।