সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনভোগান্তি কমাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের গুরুত্বপূর্ণ সেশন শেষে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই সড়ক কিংবা রেললাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপনসহ বড় হাটগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া কোরবানির চামড়া সংরক্ষণ নিয়ে মন্ত্রী জানান, ঢাকার ট্যানারিগুলোর সীমাবদ্ধতা থাকায় এবার গ্রাম ও উপজেলা পর্যায়ে অন্তত সাত দিন লবণ দিয়ে চামড়া সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, অনলাইন জুয়া বন্ধে নতুন আইন হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সাংবাদিক সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫ আগস্ট পরবর্তী হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই-বাছাই করতে একটি কমিটি কাজ করছে।