তেলের দাম নিয়ন্ত্রণ ও জনআকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর সরকার: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

বৈশ্বিক বাজারের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক দাতা সংস্থাগুলোর সাথে এক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাহদী আমিন বলেন, “জ্বালানি খাতে শুরুর দিকে কিছু সংকট থাকলেও সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল নেগোসিয়েশনের মাধ্যমে বিকল্প উৎস থেকে জ্বালানি নিশ্চিত করেছে। ফলে বর্তমানে চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দামও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।” বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে সরকার সুযোগ হিসেবে গ্রহণ করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারকে ‘জনগণের সরকার’ আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে প্রাণবন্ত আলোচনা ও সহাবস্থান তৈরি হয়েছে, তা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি মাইলফলক।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে মাহদী আমিন জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে সরকার দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। রাজনৈতিক অপপ্রচারকে ‘অপরাজনীতি’ হিসেবে উল্লেখ করে তিনি সত্য ও ন্যায়ের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংলাপে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি ও বিশিষ্টি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।