বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাইভোল্টেজ বৈঠকের পর এই ঘোষণা করা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দুকে বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, আগামীকাল শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী এখন রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন।
শুভেন্দুর এই উত্থানের নেপথ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার টানা দুইবারের জয়। ২০২১ সালে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে জেতার পর, এবার ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রীকে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। পাশাপাশি নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটের ব্যবধান ধরে রেখেছেন তিনি। টানা দুবার ‘জায়ান্ট কিলার’ হওয়ার পুরস্কার হিসেবেই তার হাতে বাংলার শাসনভার তুলে দিচ্ছে বিজেপি নেতৃত্ব।



