পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।

সোমবার (১১ মে) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা কেউই চিরস্থায়ী নই। অতীতেও এটি বহুবার প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশেই তা দেখা যায়। একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরকালের জন্য সংরক্ষিত থাকে না।”

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। আর সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব সফলভাবে পালিত হলে একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের প্রত্যাশা করলে পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়। যে কর্মকর্তা যে দায়িত্বে থাকবেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই হওয়া উচিত মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আইনগত ও মানবিক। কৌশলী ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে হবে। তাহলে ৫ আগস্ট-পরবর্তী মব ভায়োলেন্সের মতো পরিস্থিতিও সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ দুই দশকের “ফ্যাসিবাদী শাসন” শেষে ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার জনগণের কাছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও আস্থার প্রতীকে পরিণত করতে চায় বলেও জানান তিনি।

দুর্নীতি ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিবেচ্য বিষয়। “কোনো ব্যক্তি বা দল আপনাদের পরিচয় নয়, বরং আপনারাই আইনের রক্ষক”— বলেন তিনি।

প্রযুক্তির বিকাশের ফলে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয়েছে। তাই পুলিশ সদস্যদের আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও বহুমুখী সক্ষমতা অর্জন করতে হবে।

পুলিশ সদস্যদের কল্যাণে সরকার আন্তরিক জানিয়ে তারেক রহমান বলেন, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ, বদলি ও পদোন্নতি নিশ্চিত করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।