পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

সোমবার (১১ মে) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারিনি। এ বিষয়ে বিস্তারিত বলব না, কারণ এর সঙ্গে দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত।”

তিনি ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইজিপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং বিদেশি ও দেশীয় পর্যটকের সংখ্যা বাড়ানোর পরিবেশ তৈরি করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে পুলিশে বডি ক্যামেরার ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে সীমিত পরিসরে এ ব্যবস্থা থাকলেও ভবিষ্যতে সব পর্যায়ে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যাতে প্রতিটি কার্যক্রম রেকর্ডভুক্ত থাকে।

তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ দমন, তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। প্রথম স্তরে রয়েছে এপিবিএন, এরপর পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও সেনাবাহিনী। বিশেষ অপারেশনের ক্ষেত্রে যৌথ অভিযানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যে ধরনের ভোগান্তির অভিযোগ ছিল, তা যেন আর না থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আধুনিক বিশ্বে পুলিশিং কেবল অপরাধ দমনে সীমাবদ্ধ নেই; জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। “পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু”— মন্তব্য করেন তিনি।

এলিট ফোর্স র‍্যাব প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর জন্য আলাদা আইনি কাঠামো তৈরির কাজ অনেক দূর এগিয়েছে। বাহিনীটির নাম বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আগামী দুই-এক মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে মাদক, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।