‘জনগণই আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস’ চাঁদপুরে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। তিনি বলেন, “আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, ততক্ষণ দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।”
শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজ থেকে আমাদের মূল কাজ হবে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, এমন পরিকল্পনা নিতে চাই যা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”
খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ শুরু করেছিলেন, আজ আমরা সেই কাজ এগিয়ে নিচ্ছি। খাল খনন হলে কৃষকরা পানি পাবে, কৃষি বাঁচবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসাথে কাজ করে, তাহলে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “দেশ গড়ার কাজে আপনারা আছেন তো?” জবাবে জনতা হাত নেড়ে সমর্থন জানালে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ।”
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, “আমরা জনগণকে যে ওয়াদা দিয়েছি, ধাপে ধাপে সব বাস্তবায়ন করা হবে।”
এর আগে বেলা ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি ফলক উন্মোচন, কোদাল দিয়ে মাটি কাটা এবং খালের তীরে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা।
উল্লেখ্য, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। প্রায় ৪৮ বছর পর সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।



