ঢাকায় তথ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক (Sarah Cooke) আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক দীর্ঘমেয়াদী সম্পর্ক, গণমাধ্যমের উন্নয়ন, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন এবং সমসাময়িক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের নানা দিক নিয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দ্বিপাক্ষিক এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক বাংলাদেশের গণমাধ্যম ও তথ্য খাতের সামগ্রিক অগ্রগতি ও আধুনিকায়নের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও দুই দেশের এই সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।