পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড-এ অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ও ন্যাটো জোটের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা মোতায়েন করবে। মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোৎস্কি-র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প আরও বলেন, ইউরোপে স্থিতিশীলতা বজায় রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পোল্যান্ডে ৪ হাজার সেনা মোতায়েনের একটি পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন করে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, “ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে রয়েছে।”
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও রাশিয়াকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিল ওয়াশিংটন।