স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে হাজার হাজার মানুষের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) ‘মার্চ ফর ডিগনিটি’ বা মর্যাদার পদযাত্রা নামে আয়োজিত এই কর্মসূচিতে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন আয়োজিত এই কর্মসূচিতে বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও অংশ নেন। বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন ‘মনক্লোয়া প্রাসাদ’-এর নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ ও জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্প্যানিশ টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সহিংসতার দায়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা এ সময় লাল-হলুদ রঙের স্প্যানিশ জাতীয় পতাকা হাতে ‘সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই’ লেখা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধির মতে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।

সম্প্রতি স্পেনের একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী ও সানচেজের ঘনিষ্ঠ মিত্র হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব খাটানো ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত শুরু করার পর এই গণবিক্ষোভ শুরু হয়। যদিও জাপাতেরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ২০২৪ সালের এপ্রিলে বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধেও দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সানচেজ পরিবার দাবি করে আসছে। এই রাজনৈতিক সংকটের জের ধরেই বর্তমান সমাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছে বিরোধীরা।