নবম পে-স্কেল: কার বেতন কত বাড়ছে, আলোচনায় দুই খসড়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল কার্যকরের লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল বেতন (বেসিক) সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেসিক দ্বিগুণ করার বিষয়টিও জোরালো আলোচনায় রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সুবিধার আওতায় সরকারি কর্মচারীদের পাশাপাশি বরাবরের মতোই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও যুক্ত হবেন।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে বিভিন্ন গ্রেডে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি খসড়া হিসাব পাওয়া গেছে।

খসড়া অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিশনের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের নতুন মূল বেতন হবে ৭৫ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ৫৩ হাজার ২৫০ টাকায়। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।

এছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে ৩৩ হাজার টাকায়। দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হতে পারে ২৪ হাজার টাকা।

অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক-কর্মচারীদের জন্য দুটি সম্ভাব্য হিসাব আলোচনায় রয়েছে। একটি ৫০ শতাংশ এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি।

হিসাব অনুযায়ী, ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি হলে তা হবে ১৮ হাজার ৭৫০ টাকা এবং বেতন দ্বিগুণ হলে তা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার টাকায়।

১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান বেসিক ৯ হাজার ৩০০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন হবে ১৩ হাজার ৯৫০ টাকা এবং দ্বিগুণ বৃদ্ধি হলে তা বেড়ে দাঁড়াবে ১৮ হাজার ৬০০ টাকায়।

একইভাবে ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান ৮ হাজার ৮০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৩ হাজার ২০০ টাকা এবং শতভাগ বৃদ্ধি হলে দাঁড়াবে ১৭ হাজার ৬০০ টাকায়।

এছাড়া ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধি পেলে হবে ১২ হাজার ৩৭৫ টাকা। আর দ্বিগুণ বৃদ্ধি হলে তাদের বেতন দাঁড়াবে ১৬ হাজার ৫০০ টাকায়।

এদিকে নতুন পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকরাও এই সুবিধার আওতায় আসবেন।