জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা: কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি কঠোরভাবে নির্মূল করা হবে। এ দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

আজ মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জঙ্গল সলিমপুরের ঘটনার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, যার ফলে জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। জঙ্গল সলিমপুরসহ দেশের যেখানেই পুলিশ সদস্যদের ওপর হামলা হচ্ছে, তা কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় কয়েক শ সন্ত্রাসী। তারা নির্মাণাধীন ক্যাম্প গুঁড়িয়ে দেয় এবং সেখানে উপস্থিত লোকজনকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এই হামলার পর গতকাল সোমবার সেখানে ব্যাপক অভিযান চালায় যৌথ বাহিনী এবং জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়।

ঈদ কেন্দ্রিক নিরাপত্তা ও সড়ক পরিস্থিতি

সংবাদ সম্মেলনে আসন্ন ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কের নানা বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করছে। মহাসড়ক ও পশুর হাট সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পশুর হাটে জাল নোট শনাক্তকরণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঈদ-পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য সরাতে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, “এবার সড়ক দুর্ঘটনা অনেক কম। যা-ও হচ্ছে, তার বেশির ভাগই নিজেদের ভুলে। এজন্য যাত্রীদের আরও সচেতন হতে হবে।” পাশাপাশি মহাসড়কের যানজট এড়াতে টোল প্লাজাগুলোতে ডিজিটালাইজেশন ও আধুনিকায়নের জন্য সড়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নারায়ণগঞ্জে লোকনাথ উৎসব ও মাদারীপুরে কুম্ভ মেলার নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।