ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে, সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’

এদিকে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল সাড়ে ৯টার মধ্যে কর্মস্থলে পৌঁছান। আবার কাউকে ১০টার পরও অফিসে আসতে দেখা গেছে। কেউ কেউ গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে ব্যাংকপাড়া হিসেবে খ্যাত মতিঝিলে সব ব্যাংক খোলা থাকলেও গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মচারীরা অফিসে এলেও তারা নির্ধারিত কক্ষে খুব কমই ছিলেন। দীর্ঘ ছুটির পর প্রথম দিন হওয়ায় একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেই বেশি ব্যস্ত ছিলেন সবাই।

উল্লেখ্য, এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন।