যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে প্রথম একটি বাড়ি থেকে পুলিশের জরুরি নম্বরে গুলিবর্ষণের ফোন আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে তদন্তের সূত্র ধরে পুলিশ আরও দুটি স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে আরও দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন অন্য একটি বাড়িতে এবং দ্বিতীয়জন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়ে ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে যে, নিহত ছয়জনই হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।
পুলিশ সন্দেহভাজন ওই হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। হত্যাকাণ্ডের পর তিনি মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ (রিভারফ্রন্ট ট্রেইল) দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ পিছু ধাওয়া করে একটি পথচারী সেতুর কাছে তাঁকে ঘিরে ফেলে। সে সময় পুলিশের হাত থেকে বাঁচতে রায়ান নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আজকের এই নৃশংসতা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত এসেছে, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই।”
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী রায়ানের আগে থেকেই অপরাধের রেকর্ড ছিল। তবে বন্দুকধারীর মৃত্যুর পর বর্তমানে সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।



