জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে এক বছরের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত আনুষ্ঠানিক নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তার বিজয় নিশ্চিত হয়।

বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান আগামী অধিবেশনে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান। আগামী অধিবেশনের শুরু থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।