পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প, এখন পর্যন্ত হতাহতের খবর নেই

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। প্রথমে এর মাত্রা ৫.৮ বলে ধারণা করা হলেও পরে তা সংশোধন করা হয়। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, রাজধানী কাবুল, নানগারহারসহ দেশটির কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে দেশটিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

দুই দেশের সংশ্লিষ্ট এলাকায় ভূমিকম্পের পর পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স, টোলো নিউজ ও জিও নিউজ।