ফের ডিভি লটারি চালুর নির্দেশ, তালিকায় নেই বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে বাংলাদেশ অযোগ্য দেশের তালিকায় থাকায় এবারও বাংলাদেশিদের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে ডিভি লটারির আবেদন গ্রহণ শুরু করতে হবে। পাশাপাশি, আবেদন গ্রহণের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, নিবন্ধন কার্যক্রম ৩০ দিনের জন্য চালু রাখা যেতে পারে। তবে আবেদন করার যোগ্যতা, চূড়ান্ত সময়সীমা ও আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
ডিভি লটারি কর্মসূচির মূল উদ্দেশ্য আমেরিকায় বৈচিত্র্যময় অভিবাসন উৎসাহিত করা। এ কর্মসূচির আওতায় প্রতিবছর নির্ধারিত কিছু দেশের নাগরিকদের লটারির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। তবে অতীতে আমেরিকায় উচ্চ হারে অভিবাসনের কারণে বাংলাদেশ কয়েক বছর ধরেই এ কর্মসূচির জন্য অযোগ্য দেশের তালিকায় রয়েছে। ফলে ডিভি-২০২৭ কর্মসূচিতেও বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।
এদিকে, ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরু না হওয়ায় আমেরিকাভিত্তিক আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল মামলাটি দায়ের করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না করায় আমেরিকার পররাষ্ট্র দপ্তর কার্যত পুরো কর্মসূচিকে স্থগিত অবস্থায় রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডিভি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
আবেদনকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে আদালত দ্রুত নিবন্ধন কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। এখন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের পর ডিভি-২০২৭ কর্মসূচির পরবর্তী কার্যক্রম স্পষ্ট হবে।
তবে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিভি লটারির নিবন্ধন শুরু হলেও বাংলাদেশের নাগরিকেরা এতে আবেদন করতে পারবেন—এমন কোনো সুযোগ এই নির্দেশে তৈরি হয়নি।
সূত্র: ইনফো মাইগ্রেশন কনসার্ন



