হজ নিবন্ধন শুরু, আবেদন করবেন কীভাবে?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

আগামী ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুসারে বাংলাদেশে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

যেভাবে করবেন নিবন্ধন

হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। আর বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধনকারীরা সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেবেন।

নিবন্ধনের সময় যা লাগবে

হজযাত্রীর প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য

জেলা নির্বাচন

হজের ধরন ও প্যাকেজ নির্বাচন

৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট

কোথায় আবেদন করবেন?

এবার অনলাইনে ই-হজ সিস্টেম (hajj.gov.bd) ব্যবহার করে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া নিচের স্থানগুলো থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে—

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়

উপজেলা মডেল মসজিদ

বায়তুল মোকাররম অফিস

ঢাকা হজ অফিস

যাদের হজে যাওয়ার অনুমতি নেই

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী, গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগী, সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজে যেতে পারবেন না।