অনিয়মের দায়ে ৫২ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অনিয়মের অভিযোগে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশগামী কর্মীদের হয়রানি ও প্রতারণা কমাতে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা যাচাই, ইমিগ্রেশন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রম পুরোপুরি অনলাইন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন শ্রমজীবী মহিলা হোস্টেল, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, কিছু ট্রাভেল এজেন্সি তাদের এখতিয়ারের বাইরে গিয়ে বেআইনিভাবে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছে। ভিসার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে। বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের সহায়তায় ব্যাপক প্রচারণাও চালানো হবে।

এদিকে, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, আহতদের সৌদি আরবের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রিয়াদে বাংলাদেশ মিশনের মাধ্যমে আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রমকল্যাণ উইং প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মন্ত্রী আরও জানান, জরুরি পরিস্থিতিতে প্রবাসীরা বাংলাদেশ মিশনের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। সৌদি আরবের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর পরিস্থিতির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আগামী ৭ নভেম্বরের মধ্যে চালুর ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঐতিহাসিক ৭ নভেম্বরকে সামনে রেখে শ্রমকল্যাণ কমপ্লেক্সটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব স্থাপনা চালু হলে ওই অঞ্চলের হাজার হাজার নারী পোশাকশ্রমিক আবাসন, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপকৃত হবেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।