কুয়েতে নকল পারফিউম বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

কুয়েতে নামি ব্র্যান্ডের আসল পারফিউমের বোতলে নকল সুগন্ধি ভরে বিক্রির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। এ ঘটনায় প্রায় চার হাজার পারফিউমের বোতলসহ সুগন্ধি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

আরব টাইমসের ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ডের বোতলে তেল ও অন্যান্য উপাদানের মিশ্রণ ভরে সেগুলো আসল পণ্য হিসেবে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা ক্রেতা সেজে তিনটি পারফিউম ১৭ কুয়েতি দিনারে কেনার ব্যবস্থা করেন। অথচ ওই পণ্যগুলোর আসল সংস্করণের দাম ছিল ১৫০ দিনার।

পরে আল-মানকাফ এলাকা থেকে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পণ্য প্রস্তুত ও সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় চার হাজার পারফিউমের বোতল, সুগন্ধি তৈরির উপকরণ এবং বোতল সিল করার সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় দ্বিতীয় বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রবাসীদের সতর্কতা: নকল পণ্য তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী গুরুতর আইনি জটিলতায় পড়তে হতে পারে।