ভাঙার আশঙ্কায় পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা করেছে কর্তৃপক্ষ। মন্দিরটি ভেঙে সেখানে বাণিজ্যিক প্লাজা নির্মাণের উদ্যোগের প্রতিবাদে নাগরিক সমাজ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সোচ্চার হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ডেরা ইসমাইল খানের রহিম বাজার এলাকায় অবস্থিত মন্দিরটি তালাবদ্ধ করে সিলগালা করা হয়। এর আগে জনসাধারণের প্রতিবাদের মুখে সহকারী কমিশনার হামিদ সিদ্দিক ভবনটি সিলগালা করে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন।
মন্দিরটি ভেঙে বাণিজ্যিক প্লাজা নির্মাণের প্রস্তাব নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা যৌথ বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত নির্মাণকাজের নিন্দা জানানো হয়। একই সঙ্গে বিষয়টি পাকিস্তানের জাতীয় পরিষদে উত্থাপনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
নাগরিক সমাজের সভাপতি সোহেল আহমেদ আজমির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সাবেক প্রাদেশিক আইনপ্রণেতা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিশোর কুমার, সমাজকর্মী মুহাম্মদ নওমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, ডেরা ইসমাইল খানের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে চিহ্নিত প্রায় ৪০০টি ভবনের মধ্যে রামলীলা মন্দিরও রয়েছে। এসব ঐতিহ্যবাহী ভবন উচ্ছেদ বা ধ্বংসের যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
এ লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, লেখক ও ঐতিহ্য সংরক্ষণকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে অংশগ্রহণকারীদের অভিযোগ, বাণিজ্যিক প্লাজা নির্মাণের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে নির্মাণকাজের অনুমতি দিয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি জানান তাঁরা। পাশাপাশি জেলা প্রশাসন, জাতীয় পরিষদের স্পিকার, প্রত্নতত্ত্ব বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



