ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত অন্তত ৩০

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় ভক্তদের ভিড়ের মধ্যে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নির্ধারিত ঢাল বেয়ে নামার সময় ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। পরে মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে ট্রাকটি।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ধর্মবীর সিং জানান, ওই এলাকায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তারপরও ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।