বাহরাইনে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা চালু ৩১ অক্টোবর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

বাহরাইনে আগামী ৩১ অক্টোবর থেকে প্রবাসীদের জন্য জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি চালু হচ্ছে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত শ্রেণির প্রবাসীদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বাহরাইনের সুপ্রিম কাউন্সিল অব হেলথের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ডা. শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল খলিফা জানিয়েছেন, কর্মসূচি চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নতুন স্বাস্থ্যবিমার আওতায় প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্ঘটনাজনিত চিকিৎসার সুবিধা থাকবে। নির্ধারিত সুবিধার বাইরে অতিরিক্ত চিকিৎসাসেবা পেতে প্রবাসী ও তাঁদের নিয়োগকর্তারা বাড়তি বিমা প্যাকেজ নিতে পারবেন।

তবে সব প্রবাসী এ কর্মসূচির আওতায় আসবেন না। গৃহকর্মী, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী এবং তাঁদের নির্ভরশীল ব্যক্তিদের এ বিমা কর্মসূচি থেকে ছাড় দেওয়া হয়েছে।

বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের নতুন বিমার নিয়ম, খরচ ও চিকিৎসাসুবিধা সম্পর্কে নিয়োগকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কাজের অনুমতিপত্র ও আবাসিক অনুমতি নবায়নের আগে নিজেদের স্বাস্থ্যবিমার আওতা নিশ্চিত করা জরুরি।

বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ কর্মসূচির ফলে দেশটির নাগরিকদের চিকিৎসাসেবায় কোনো পরিবর্তন হবে না।