প্রবাসীদের ভিসা জরিমানা ৭৫ শতাংশ মওকুফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসীদের জন্য ভিসা ও রেসিডেন্সি পারমিটের জরিমানায় বড় ছাড় ঘোষণা করেছে স্থানীয় সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে। এ সুবিধা পেতে আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত দপ্তরে যোগাযোগ করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকেরা এ সুবিধা পাবেন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

ঘোষণা অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তাঁরা এ ছাড়ের আওতায় আসতে পারেন।

এ ছাড়া যেসব বিদেশির রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাঁরাও নির্ধারিত শর্তে জরিমানা মওকুফের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখিত বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে।

আবেদন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

জরিমানায় ছাড় পেতে আগ্রহী প্রবাসীদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এ সুবিধা নিতে পারবেন তাঁরা।

কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ স্বস্তি নিয়ে আসতে পারে। তবে ছাড়ের আওতায় পড়তে হলে সংশ্লিষ্ট শর্ত পূরণ এবং নির্ধারিত দপ্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

প্রবাসীদের তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নিজেদের ভিসা ও রেসিডেন্সি পারমিটের অবস্থা যাচাই করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।