‘গুঞ্জন’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। এর কয়েক ঘণ্টা আগেও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘গুঞ্জন’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিলেন তিনি।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। এ সময় তাঁর সাথে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে তখন ইশরাক এক অডিওবার্তায় এ খবরকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।
রোববার রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তা কার্যকর করার বিষয়টি প্রথাগতভাবে বাধ্যতামূলক। এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে দ্রুত সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, দল তাঁর পদত্যাগ চায়নি; তিনি নিজে থেকেই বিশেষ কারণে পদত্যাগ করছেন। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এদিকে, মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা রয়েছে। সংবিধানের ৫৮ অনুচ্ছেদেও মন্ত্রীদের পদত্যাগ ও পদ থেকে অব্যাহতির বিষয়ে বিধান রয়েছে।



