সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটা অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে এ সনদ প্রণীত হয়েছে। তাঁর ভাষায়, জুলাই বাংলাদেশের জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের পরিণতিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।
তিনি বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যৎ বিনির্মাণে অনুপ্রেরণা জোগাবে। জুলাইয়ের চেতনাকে শুধু বার্ষিক অনুষ্ঠান বা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুলে ধরার আহ্বান জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ প্রক্রিয়ার কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইন ও বিধিবিধানসংক্রান্ত। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।



