বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধীদলীয় নেতা এতে যোগ দেননি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’
তিনি বলেন, বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তবে তা গঠনমূলক হওয়া উচিত।
তারেক রহমান বলেন, ‘সব ব্যাপারে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।’
বিরোধীদলীয় নেতার অনুষ্ঠানে যোগ না দেওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, একই মঞ্চে বসতে আপত্তি থাকলে বিরোধী দলের নেতারা শহীদ পরিবারের সদস্যদের সাথে বসতে পারতেন। তাঁর ভাষ্য, নির্বাচনে জনগণের রায়েই বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও জনগণের সমর্থন পেয়েছে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে যোগ না দিয়ে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৭১ এবং ২৪-এর জুলাই আন্দোলন। দুই আন্দোলনের লক্ষ্যই ছিল একই।’
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



