আমেরিকায় অভিবাসন আবেদনে সময়সীমা নিয়ে সতর্কবার্তা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

আমেরিকার ভিসা ও গ্রিন কার্ড আবেদনের সময়সীমা নিয়ে নতুন নীতি কার্যকর করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনের শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়লেই স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়তি সময় পাওয়া যাবে না। গত ২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া এ নীতির কারণে আবেদনকারীদের নির্ধারিত সময়সীমা মেনে চলার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ করে অনলাইনে আবেদনকারীদের জন্য নিয়মটি গুরুত্বপূর্ণ। কারণ অনলাইনে যেকোনো দিন ও সময়ে আবেদন জমা দেওয়া যায়। ফলে আবেদনের শেষ তারিখ ছুটির দিনে পড়লেও অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না।

ইউএসসিআইএস জানিয়েছে, কিছু ক্ষেত্রে কাগজভিত্তিক আবেদনের শেষ তারিখ ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এই সুবিধা সব ধরনের আবেদন বা অভিবাসন সুবিধার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ফর্মের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন নিয়মের প্রভাব পড়তে পারে বয়সভিত্তিক অভিবাসন সুবিধার আবেদনেও। পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির অনেক আবেদনকারীর ক্ষেত্রে ২১ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই আবেদন জমা দেওয়া জরুরি। বয়সসীমার শেষ দিন ছুটির দিনে পড়লেও অতিরিক্ত সময় না পাওয়ায় কেউ কেউ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সুবিধার যোগ্যতা হারাতে পারেন।

এ ছাড়া আমেরিকায় কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগকর্তাদেরও নতুন নিয়মের বিষয়ে সতর্ক থাকতে হবে। আই-৯৪ নথিতে উল্লেখ করা অনুমোদিত অবস্থানের মেয়াদ কোনো ছুটির দিনে শেষ হলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। তাই বৈধ অবস্থান বজায় রাখতে মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন বা প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।