সৌদি আরবে প্রবাসীর মৃত্যু, পরিবারের পাশে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ময়মনসিংহের নান্দাইলের প্রবাসী মো. মৃদুল হাসান সৌরভের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভের মরদেহ পৌঁছালে তা গ্রহণ করতে সেখানে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় নিহতের বাবা সোহরাব উদ্দীনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর সন্তানের নিথর দেহ গ্রহণের মুহূর্তে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এ ধরনের অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সবসময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি যেকোনো প্রয়োজনে তাঁদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জানা যায়, নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব উদ্দীনের একমাত্র ছেলে মৃদুল হাসান সৌরভ পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ১৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় জন্ডিসে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর মারা যান তিনি।

সৌরভের মরদেহ দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিক সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকাহত স্বজনেরা। সৌরভের অকালমৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ স্বজনদের জন্য কিছুটা হলেও সহায়তা হয়ে এসেছে।