হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই, ঢাকায় প্রাণহানি ২১০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের সংক্রমণ। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মাত্র ৬৮ দিনের ব্যবধানে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০০-তে। রাজধানী ঢাকাতেই প্রাণ গেছে ২১০ জনের।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৮৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে, আর বাকি নয়জনের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু ও কিশোরদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে পর্যাপ্ত টিকা সরবরাহ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে গণটিকাদান কর্মসূচি আরও জোরদার করা হবে। তাদের আশা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।