নান্দাইলে নরসুন্দা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
নান্দাইল পৌর শহরের নাথপাড়া এলাকায় নরসুন্দা নদীর তীরভাঙন এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। আজ শুক্রবার তিনি তীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ভাঙনের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নদীভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত রক্ষা ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যেন নরসুন্দা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে তিনি জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ শুরু করার ওপরও জোর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসুন্দা নদীর তীরবর্তী নাথপাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে, এতে কয়েকটি বসতবাড়ি ও অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



