খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জনপ্রিয় খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা। এই কর্মসূচির সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। এতে রাস্তা ভাঙন ও ক্ষতি কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং মৎস্য খাতও উপকৃত হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে এই কর্মসূচি। তিনি বলেন, “একদিকে কৃষক উপকৃত হবেন, অন্যদিকে এলাকায় বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।”

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল পুনঃখননের পর যেন মাটি বা আবর্জনা ফেলে আবার ভরাট করা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে জাতির কাছে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল। আজকের এই কার্যক্রম সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ।”

তিনি আরো বলেন, দীর্ঘদিন খালগুলো খনন বা পুনঃখনন না হওয়ায় অনেক জায়গায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। এখন খালগুলোর মুখ উন্মুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কড়ইকান্দা ও কচুন্দরা খাল খনন কর্মসূচির পাশাপাশি উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমুল সড়ক পাকাকরণসহ চারটি উন্নয়নকাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী।

এর আগে তিনি তারাকান্দা উপজেলার রামপুর এলাকায় দেড় কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, “দলমত নির্বিশেষে উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি তারাকান্দা-ফুলপুর এলাকায় সরকারি ও বিরোধী দলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুসুলভ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান এবং বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নেও কোনো বৈষম্য হবে না।