২৭ মে ঈদুল আজহা উদযাপন করবে মালয়েশিয়া

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে এ ঘোষণা দেন।

দেশটির সংবাদমাধ্যম মালে মেইল জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সেই অনুযায়ী ১০ জিলহজ তথা ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

ঈদের তারিখ ঘোষণার পর থেকেই দেশজুড়ে মুসলিমদের মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ এবং ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি ও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহরসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করার আশা করছেন তারা।