সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় বৈঠকে মিলিত হয়েছেন দেশের সংবাদপত্র সম্পাদকদের শীর্ষ সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর নেতৃবৃন্দ।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যপ্রবাহকে আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সংগঠনের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ। এছাড়া দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণমাধ্যম শাখার পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠক শেষে সরকারি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সমুন্নত রাখতে সরকার ও সংবাদপত্রের পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেছেন।