দণ্ডিত আসামির বক্তব্য প্রচারে আবারও সতর্ক করল তথ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে দণ্ডিত আসামি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আবারও অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আইসিটি যে নিষেধাজ্ঞা দিয়েছেন, তা কার্যকর রাখতে সরকার সংশ্লিষ্ট সবাইকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছে।

বিবরণীতে আরও বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ডিত আসামির বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে তা প্রকাশ বা প্রচার না করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশনা সত্ত্বেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করছে।

বিবরণীতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে যেসব গণমাধ্যম আদালতের নির্দেশনা মেনে এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, সরকার তাদের ধন্যবাদ জানিয়েছে।

জাতীয় ঐক্য ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।