সাইবার আইনকে সময়োপযোগী করতে সংস্কার হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
দেশের সাইবার আইনকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে আইনজীবীদের মতামত ও পরামর্শ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও সেই আয়নাকে আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড।”
তিনি আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ন্যায়বিচারের অভিভাবক। একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও প্রয়োজনে বিচার বিভাগের সামনে জবাবদিহি করতে হয়, যা বিচার বিভাগের স্বাধীনতার প্রতীক।
জহির উদ্দিন স্বপন বলেন, আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। তাই তাদের প্রতিটি প্রতিবেদন তথ্যনির্ভর, নিরপেক্ষ ও নির্ভুল হওয়া প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই নানা তথ্য ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। এ কারণে সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তা প্রকাশ করা।
তথ্যমন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে একটি পরিবর্তনশীল সময় পার করছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে তথ্যপ্রবাহের ধরন বদলে গেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন বাস্তবতা তৈরি করেছে, যার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতাকেও আরও নৈতিক, দায়িত্বশীল ও নির্ভুল হতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার আইনও আধুনিক ও সময়োপযোগী করা প্রয়োজন।



