সরকার গণমাধ্যমে সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, গণমাধ্যমে সুস্থ ও টেকসই পরিবেশ তৈরি করা গেলে এ খাতে বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য উন্নত বেতন-কাঠামো, ভালো কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। বরং সরকার মনে করে, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে একসময় যে উদ্বেগ ছিল, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতি আর নেই।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাই এ পেশার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সরকার একা কাজ করতে পারবে না। গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যমের সবচেয়ে বড় লড়াই হচ্ছে সঠিক তথ্য ও অপতথ্যের মধ্যে। তাই বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ।
একই সঙ্গে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।



