২০২৭ হজের আবেদন শুরু, প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের হজ কোটার আওতায় ২০২৭ সালে হজ পালনে আগ্রহী প্রবাসী বাংলাদেশি (এনআরবি) নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার মাধ্যমেই প্রবাসীরা হজে অংশ নিতে পারবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের জন্য আবেদনকারীর বৈধ বাংলাদেশি পাসপোর্ট, অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা জন্মসনদ থাকতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।

একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করেই প্রাক-নিবন্ধন করতে পারবেন।

আবেদনের সময় প্রবাসী বাংলাদেশিদের অবশ্যই নিজেদের এনআরবি (Non-Resident Bangladeshi) হিসেবে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি তারা যে দেশে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে বৈধ বসবাসের প্রমাণপত্র (Residence Permit বা সমমানের নথি) আপলোড করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ ও বিস্তারিত গাইডলাইন শিগগিরই প্রকাশ করা হবে। এরপর ই-হজ সিস্টেমে প্রকাশিত প্যাকেজ থেকে পছন্দ অনুযায়ী নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রীরাই হজ পালনের অনুমতি পাবেন। তাই প্রবাসী বাংলাদেশিদের সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে নির্ধারিত প্রক্রিয়ায় প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে হজযাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও নির্বিঘ্ন হবে।