হজে যেতে কারা অযোগ্য? নতুন নির্দেশনা জানাল ধর্ম মন্ত্রণালয়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

আগামী ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই এবং চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে নির্ধারিত কিছু শর্তের কারণে সবাই হজে যাওয়ার অনুমতি পাবেন না।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া গুরুতর বা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজযাত্রার অনুমতি দেওয়া হবে না।

যাদের হজে যাওয়ার অনুমতি মিলবে না:

১৫ বছরের কম বয়সী ব্যক্তি

হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তি

স্নায়ুবিক বা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি

ক্যানসার রোগী, যারা কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন

যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি

গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী

এদিকে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য, জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্যাকেজের অবশিষ্ট অর্থ ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ই-হজ সিস্টেম ব্যবহার করে অনলাইনে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।